এ নিবন্ধটি কলকাতার এশিয়াটিক সোসাইটি সম্পর্কিত। অন্যান্য এশিয়াটিক সোসাইটি সম্পর্কে জানতে হলে দেখুন এশিয়াটিক সোসাইটি।
নতুন এশিয়াটিক সোসাইটি ভবন
পুরনো এশিয়াটিক সোসাইটি ভবন
এশিয়াটিক সোসাইটি (ইংরেজি: The Asiatic Society) কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা। ১৭৮৪ সালের ১৫ জুলাই ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদনীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।[১][২] ভারতের তদনীন্তন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক।[২] এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল “এশিয়া মহাদেশের প্রকৃতি ও প্রকৃতিজাত এবং মানুষ ও মনুষ্যসৃষ্ট সবকিছু”র চর্চা।[২] ১৮০৮ সালে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিটের (বর্তমানে মাদার তেরেসা সরণি) একটি ভবনে সংস্থাটি স্থানান্তরিত হয়। ১৯৬৫ সালে এই ঐতিহাসিক ভবনটির পাশেই সোসাইটির দ্বিতীয় ভবনটির দ্বারোদ্ঘাটন করা হয়।[৩] বর্তমানে সোসাইটির একটি নিজস্ব গ্রন্থাগার ও নিজস্ব সংগ্রহালয়ও রয়েছে। এই গ্রন্থাগার ও সংগ্রহশালায় সংরক্ষিত আছে অনেক প্রাচীন পুথি, বইপত্র, তাম্রসনদ, মুদ্রা, প্রতিকৃতি, ছবি ও আবক্ষ মূর্তি।[৩] উল্লেখ্য, কলকাতার এশিয়াটিক সোসাইটি সমজাতীয় সংস্থাগুলির মধ্যে প্রাচীনতম।[৩]
প্রতিষ্ঠাকালে এশিয়াটিক সোসাইটির ইংরেজি নামের বানানটি ছিল "Asiatick Society"। ১৮২৫ সালে কোনওপ্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নামটির আধুনিকীকরণ করে প্রাচীন k অক্ষরটি বাদ দেওয়া হয়। এই সময় এশিয়াটিক সোসাইটির প্রাতিষ্ঠানিক নামকরণ হয় "দি এশিয়াটিক সোসাইটি" ("The Asiatic Society")। ১৮৩২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় "দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল" ("The Asiatic Society of Bengal")। ১৯৩৬ সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় "দি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল" ("The Royal Asiatic Society of Bengal")। অবশেষে ১৯৫১ সালের ১ জুলাই এশিয়াটিক সোসাইটির বর্তমান নামটি প্রবর্তিত হয়।[৪]
- ↑ "কলকাতার শিক্ষাজগত", ভবতোষ দত্ত, দেশ, বিনোদন ১৯৮৯ সংখ্যা, পৃ. ১৩৬
- ↑ ২.০ ২.১ ২.২ অশোক ভট্টাচার্য, "এশিয়াটিক সোসাইটি ও বাংলাভাষাচর্চা"; সারস্বত: বাংলার শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিবৃত্ত, অরুণকুমার বসু সম্পাদিত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০৮, পৃ. ১২২-৩৫
- ↑ ৩.০ ৩.১ ৩.২ রথীন মিত্র, কলকাতা: একাল ও সেকাল, আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯১ পৃ. ১০-১১
- ↑ Naming of the Asiatic Society