উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সুলাইমান
| প্রথম সুলাইমান | |
|---|---|
|
|
|
| সময়কাল | ২২শে সেপ্টেম্বর ১৫২০ – ৫ই/৬ই সেপ্টেম্বর ১৫৬৬ |
| অভিষেক | ৩০শে সেপ্টেম্বর ১৫২০ |
| পূর্বসূরী | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সেলিম |
| উত্তরসূরী | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় সেলিম |
| দাম্পত্য সঙ্গী | হুরেম সুলতান (রোক্সেলানা) |
| পিতা | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সেলিম |
| মাতা | আয়েশা হাফসা সুলতান |
| সমাধি | সুলায়মানি মসজিদ, কন্সটান্টিনোপল (ইস্তানবুল), তুরস্ক |
| স্বাক্ষর | |
প্রথম সুলাইমান (উসমানীয় তুর্কি ভাষায়: سليمان اوّل) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান, যিনি ১৫২০ সাল থেকে ১৫৬৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। পাশ্চাত্ত্যে তিনি মহৎ সুলাইমান হিসেবে পরিচিত। তিনি পুর্নবারের জন্য সম্পূর্ণভাবে উসমানীয় সাম্রাজ্যের নীতিমালাগুলো তৈরি করেছিলেন বলে প্রাচ্যে তাঁকে বলা হয় বিধানকর্তা সুলাইমান (আরবী ভাষায়: سليمان القانوني)। প্রথম সুলাইমান ষোড়শ শতাব্দীর ইউরোপে একজন বিশিষ্ঠ রাজা হিসেবে স্থান লাভ করেন, যার শাসনামলে উসমানীয় সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বিস্তার ঘটে। সুলতান সুলাইমানের সেনাবাহিনী পবিত্র রোমান সাম্রাজ্য এবং হাঙ্গেরির অনেক শহরের পতন ঘটায়। কিন্তু ১৫২৯ সালে পবিত্র রোমান সম্রাট, পঞ্চম চার্লসের সেনাবাহিনী সুলতান সুলাইমানের সেনাবাহিনীকে ভিয়েনা শহর দখল করতে ব্যর্থ করে। প্রথম সুলাইমান পারস্যের সাফাভিদ সুলতান, প্রথম তাহমাসবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং মধ্য প্রাচ্যের বেশির ভাগ অঞ্চল দখল করে নেন। তিনি উত্তর আফ্রিকায় আলজেরিয়া সহ বড় বড় অঞ্চলগুলো পবিত্র রোমান সাম্রাজ্যের হাত থেকে দখল করে নেয়। তাঁর শাসনামলে উসমানীয় নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে।
উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে, সুলতান সুলাইমান ব্যাক্তিগতভাবে তাঁর সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাজনা ব্যবস্থা ও অপরাধের শাস্তি ব্যবস্থার বিষয়গুলোতে আইনপ্রণয়নসংক্রান্ত পরিবর্তন আনার আদেশ দেন। তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন, সেসব কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যে অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল। সুলতান সুলাইমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা নয়, তিনি একজন মহান কবিও ছিলেন। তাঁর শাসনামলে উসমানীয় সংস্কৃতির অনেক উন্নতি হয়। সুলতান সুলাইমান উসমানীয় তুর্কি ভাষা সহ আরো পাঁচটি ভিন্ন ভাষায় কথা বলতে পারতেন: আরবী ভাষা, সার্বীয় ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা এবং চাগাতাই ভাষা (একটি বিলুপ্ত তুর্কি ভাষা)।
জানা যায় যে, সুলতান সুলাইমান উসমানীয় সাম্রাজ্যের দু'শ বছরের সংসকৃতির নিয়ম ভঙ্গ করে তাঁর হারেমের একজন রমণী, রোক্সেলানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোক্সেলানার নাম পরবর্তীকালে হুরেম সুলতান রাখা হয়। তিনি সুলতান সুলাইমানের পুত্র, সেলিম ইবনে সুলাইমানের গর্ভধারণী হন। সুলতান সুলাইমানের মৃত্যুর পর, সেলিম ইবনে সুলাইমান, 'দ্বিতীয় সেলিম' হিসেবে উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ হন।