ইউরো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরো (ইংরেজি Euro য়ুরো, মূদ্রা সংকেত€; ব্যাংক কোড: EUR) ইউরোপীয় ইউনিয়নের সরকারী মুদ্রা। ২০০২ সালে ইউরোপের ১২টি দেশ (অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, গ্রীস, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, ও স্পেন) ইউরো ব্যবহার করা শুরু করে। অবশ্য ১৯৯৯ সাল থেকেই ব্যাংক গুলো বিনিময় মাধ্যম হিসেবে এটি ব্যবহার করে আসছিল।
ইউরো বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ৩২ কোটিরও বেশি ইউরোপীয় এই মুদ্রাটি ব্যবহার করেন। নিচের দেশগুলিতে ইউরো প্রচলিত:
- অ্যান্ডোরা
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- সাইপ্রাস
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- গ্রিস
- আয়ারল্যান্ড
- ইতালি
- লুক্সেমবুর্গ
- মাল্টা
- মোনাকো
- মন্টিনেগ্রো
- নেদারল্যান্ডস
- পর্তুগাল
- সান মারিনো
- স্লোভেনিয়া
- স্লোভাকিয়া
- স্পেন
- ভ্যাটিকান সিটি
পশ্চিম ইউরোপের ৫টি দেশ - যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং সুইজারল্যান্ড এখনও ইউরো গ্রহণ করেনি। পূর্ব ইউরোপের প্রাক্তন সাম্যবাদী রাষ্ট্রগুলিতেও ইউরো প্রচলিত নয়। ২০১০ সালে লিথুয়ানিয়া এবং ২০১১ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করবে।
ইউরো মুদ্রাটি সাত রকমের নোট নিয়ে গঠিত। প্রতিটি নোটের রঙ ও আকার ভিন্ন। নোটের মূল্য যত বেশি, এর আকারও তত বড়। ৫ ইউরো নোটের রঙ ছাই, ১০ ইউরো লাল, ২০ ইউরো নীল, ৫০ ইউরো কমলা, ১০০ ইউরো সবুজ, ২০০ ইউরো বাদামী-হলুদ এবং ৫০০ ইউরো হালকা বেগুনি। প্রতি নোটের সামনের দিকে একটি দরজা বা জানালার ও একটি সেতুর ছবি এবং পেছনের দিকে ইউরোপের মানচিত্র থাকে। দরজা, জানালা ও সেতুগুলি সবগুলিই কাল্পনিক, যাতে কোন নির্দিষ্ট দেশের সাথে এদেরকে সম্পর্কিত করা না যায়।
১ ইউরো ১০০ সেন্টে বিভক্ত। ১, ২, ৫, ১০, ২০ ও ৫০ সেন্ট এবং ১ ইউরো ও ২ ইউরোর জন্য পয়সা বা ধাতব মুদ্রা আছে। ১ ও ২ ইউরো মুদ্রাগুলির রঙ সোনালি ও রূপালির মিশ্রণ। ১০, ২০ ও ৫০ সেন্ট পয়সাগুলি সোনালি রঙের এবং ১, ২ ও ৫ সেন্টেরগুলি তামা রঙের।
ইউরো নোটগুলি সবদেশের জন্য একই রকম হলেও ধাতব মুদ্রাগুলি বিভিন্ন দেশে বিভিন্ন রকম। মুদ্রার সামনের দিক সর্বত্র একই রকম, কিন্তু পেছনের দিকের নকশা দেশের নিজস্ব। উদাহরণস্বরূপ জার্মানিতে ১ ও ২ ইউরো মুদ্রার পেছনের দিকে জার্মানির ঐতিহ্যবাহী ঈগল পাখি রয়েছে। ১০, ২০ ও ৫০ সেন্টগুলির পেছনে রয়েছে বার্লিনের ব্রান্ডেনবুর্গ দ্বার। ১, ২ ও ৫ সেন্টগুলির পেছনে আছে ওক গাছের শাখা।